আগের মতো বিদ্যুৎ মিশ্র
আগের মতো
বিদ্যুৎ মিশ্র
যে ফুল গুলো ঝরে পড়েছিলো একদিন
আমি যত্ন করে কুড়িয়ে এনেছিলাম
সাজিয়ে রেখেছিলাম সমাধি করে
বাগিচার একটি কোনে;
সেই মৃত ফুল গুলোর সাথে এখন
নিজের খুব মিল খুঁজে পাই।
সমস্ত সৌন্দর্য প্রাণ বায়ু বিলিয়ে দেওয়ার পর
যেমন কেউ ছুঁড়ে ফেলেছিলো আমাকে।
আমার মৃত বিবর্ণ শুকিয়ে যাওয়া হৃদপিণ্ড
কেউ যত্ন তুলে রাখেনি।
এখন আর বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে না
আগের মতো আর হাত বাড়িয়ে
দেবদারু গাছের কাছে ডাকে না।
স্রোতের টানে বয়ে চলা মানুষ গুলো
দু মুঠো ভাতের জন্য সারা জীবন
হাত জোড় করে বসে থাকে।
আমরা শুধু হা হুতাশ আলাপ করি
বদলে যাওয়া মুখের দিকে তাকিয়ে।
আমি জানি এই অহঙ্কার এই উপলব্ধি
চিরদিনের নয়।
তোমার এই মিথ্যে অভিনয় বুঝতে পারি
চুপ করে হেসে উঠি তোমার চতুরতায়
এখন আর বিশ্বাস হয় না আগের মতো।

Comments
Post a Comment