পাখি জন্ম @ মৌসুমী মৌ

 পাখি জন্ম

@ মৌসুমী মৌ
মেঘেদের দলে জুটে দলছুট যে পাখির দল!
ইচ্ছের ডানা মেলে বহুদূরে উড়ে যাওয়া ছল...
গাছেদের পাড়া ছেড়ে তাদের আজ আকাশেই ঘর …
ঘর যাকে পর করে, ভালোবাসা মস্ত জাদুকর l
বৃষ্টি হয়তো জানে পাখিদের কান্নার রঙ !
জানলার সার্সিরা জলরঙে সেজেছে যেমন
মেঘ হয়তো বোঝে অভিমান কতটা মিশেছে ...
পাখিদেরও জানা আছে ভালোবাসা জন্ম ছোঁয়াচে…
ডানায় লেপ্টে তবু আদরের মিশুক পালক
উদাসীন গাছ জানে পাখিরা আসলে পলাতক …
ডানায় যন্ত্রনা তবু মনে মনে পাখি হতে চাওয়া
আকাশের গানে কোন বিবাগী সুর ছুঁয়ে যাওয়া !
এভাবেই ছেড়ে যাওয়া পৃথিবীর নষ্ট রূপকথা
বুকের গভীরে লেখা লুকোনো ডানার কবিতা ...





Comments